জাতীয়

বেলজিয়াম পার্লামেন্টের প্রতিনিধির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

বেলজিয়াম হাউজ অব রিপ্রেজেনটেটিভস প্রেসিডেন্ট শিকফ্রেড ব্রেক এর সঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার বেলজিয়াম পার্লামেন্টে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপিয়ান পার্লামেন্টের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তার নেতৃত্বে অর্থনৈতিক ও মানবিক সব সূচকে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত উন্নত দেশে পরিণত হবে।

শিরীন শারমিন বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারীর এ অগ্রযাত্রা মাইলফলক হয়ে থাকবে। জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা ও বিরোধীদলের নেতা সবাই নারী। জাতীয় সংসদে সর্বমোট ৭৩ জন নারী সংসদ সদস্যের প্রতিনিধিত্ব রয়েছে। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক, বিচারবিভাগীয় ও সামরিক বাহিনীতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও ব্যবসা বাণিজ্যেও নারী উদ্যোক্তাদের অবদান আজ দৃশ্যমান। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে নিশ্চিত হয়েছে জেন্ডার সমতা।

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশে আজ শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে। তৈরি পোশাক ও ওষুধ শিল্পসহ তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে। বৈষম্য কমিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। বাংলাদেশের মোট জনসংখ্যার বেশিরভাগ যুব শ্রেণি। এই যুব শক্তিকে মানবসম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বিত পরিকল্পণা গ্রহণ করেছেন। বিশেষ করে, শিক্ষা ক্ষেত্রে ও দারিদ্র বিমোচনে সরকার সফলতার সঙ্গে কাজ করছে-যেখানে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছেন।

বেলজিয়ামের হাউজ অব রিপ্রেজেনটেটিভস প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন প্রশংসনীয়। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ তবে এক্ষেত্রে বেলজিয়ামে প্রবীণ জনগোষ্ঠী অধিক হওয়ায় অর্থনৈতিক উন্নয়নে তা চাপ সৃষ্টি করেছে। এ সময় তিনি বাংলাদেশে যুবসমষ্টির ভবিষ্যৎ সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিকফ্রেড ব্রেক বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে বেলজিয়াম ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে। এ ইস্যুতে বেলজিয়াম বাংলাদেশের পাশে আছে ও থাকবে মর্মে স্পিকারকে আশ্বস্ত করেন।

এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী এমপি ও বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার ইউরোপীয়ান পার্লামেন্টারি ডেলিগেশন ফর রিলেশনস উইথ কান্ট্রিস অফ সাউথ এশিয়ার চেয়ার জেন ল্যাম্বার্ট এমইপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker