বিনোদন ডেস্ক: অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তারা এ বিষয়ে মুখ খোলেননি এতদিন। বারবার নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন। কিন্তু অবশেষে চার বছর পর বিয়ের বিষয়টি নিজেরাই প্রকাশ্যে আনলেন।
বৃহস্পতিবার দুপুরে চতুর্থ বিবাহবার্ষিকীর কেক কাটার একটি ছবিসহ ফেসবুকে শিহাব শাহীন ও মম জানালেন বিয়ের খবর। শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সহকর্মীরা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে।
দীর্ঘদিন ধরে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী মম’র। এরপর চাউর হয় তাদের বিয়ের খবরও। কিন্তু কখনো এ ব্যাপারে গণমাধ্যমে সরাসরি মন্তব্য করেননি তারা। প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুর দিকে মম প্রেম করে বিয়ে করেছিলেন নির্মাতা এজাজ মুন্নাকে। ২০১০ সালের ৩১শে মার্চ বিয়ে করেন তারা। ২০১১ সালের ২রা মার্চ তাদের সংসারে আসে উদ্ভাস নামের পুত্রসন্তান। কিন্তু মুন্নার সঙ্গে খুব বেশিদিন টেকেনি মম’র সংসার। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।



