নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির ঢাকা জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
শনিবার (৩০নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
এশিয়ার সর্ববৃহৎ শপিংমল রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম কাদের এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
সভাপতি নির্বাচিত হওয়ার পর সালমা ইসলাম বলেছেন, জাতীয় পার্টি ধ্বংসের রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। আমরা ধ্বংসের রাজনীতি বিশ্বাস করি না বলেই মানুষ আমাদের ভালোবাসে।
কর্মীদের আরও সক্রিয় হওয়ায় আহ্বান জানিয়ে সালমা ইসলাম বলেন, আপনারা আরও সক্রিয় হোন। দলকে সুসংহত করতে মিলেমিশে কাজ করুন।
আগামী নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি চালিয়ে যান। নিশ্চয় আমরা জয়ী হবো।
সোনালি সকাল আমাদের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, আমি সমস্ত বিশ্বাস এবং আস্থার সঙ্গে বলতে চাই, আমাদের ভবিষ্যত খুবই উজ্জ্বল। আমরা পারব, নিশ্চয় পারব, আর সেটা সম্ভব করবেন আপনারা।
তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে আশা নিয়ে তাকিয়ে আছেন। জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে। আমাদের প্রিয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও উন্নয়নের রাজনীতি বুকে ধারন করে দলে প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করবেন। জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে আগামীতে দেশের শাসন ক্ষমতায় গিয়ে সুদিন ফিরিয়ে আনবে।