আন্তর্জাতিক

কাঠমান্ডুতে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনে বাংলাদেশের সমর্থন চেয়েছে নেপাল

কাঠমান্ডুতে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনে বাংলাদেশের সমর্থন চেয়েছে নেপাল

বিশ্ব সংবাদ ডেস্ক:  নেপাল সে দেশের রাজধানী কাঠমান্ডুতে জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনে বাংলাদেশের সমর্থন চেয়েছে।
নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপা আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন।
নেপালের সেনাপ্রধানকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার এবং এটি ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বৈঠক শেষে বাসস’কে বলেন, আবদুল হামিদ বাংলাদেশ ও নেপালের সশস্ত্র বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে আরো সফর বিনিময়ের আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দু’দেশের মধ্যে এ ধরনের সফর বিনিময় বিদ্যমান দ্বিপক্ষীয় বন্ধন জোরদারে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে।
আবদুল হামিদ বলেন, ‘প্রতিবছর নেপাল সশস্ত্র বাহিনী বিভাগের বেশকিছু অফিসার জাতীয় প্রতিরক্ষা কলেজে বিভিন্ন কোর্সে অংশ নিয়ে আসছে। বাংলাদেশ ও নেপাল পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে লাভবান হবে।’
বৈঠকে জেনারেল থাপা রাষ্ট্রপতিকে জানান, তার দেশ কাঠমান্ডুতে একটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। এ ব্যাপারে তিনি বাংলাদেশের সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ড. বনসিধর মিশ্র, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker